নন্দিত গীতিকার সোহেল মাসুদ। থাকেন দূর প্রবাসে। গানের প্রতি তার আজন্ম নেশা। আর সেই নেশার টানেই সুদূর প্রবাসে থেকেও আঁকড়ে ধরেছেন বাংলা গান। নিজ হাতে তৈরি করেছেন “রেইন মিউজিক” নামের স্বনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান। যা ইতিমধ্যেই বাংলাদেশ মিডিয়া অঙ্গনে বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছে। উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় গান। সেই ধারাবাহিকতায় আজ আবারও তার নিজের গীত রচনায় “ভবের মায়া” শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু।
এর আগে সোহেল মাসুদ এর কথায় “মিছে মায়া” শিরোনামে একটি গান গেয়েছিলেন ফজলুর রহমান বাবু। যা ইউটিউবে ভিউয়ের হিসাবে কোটির ঘর ছুঁই ছুঁই করছে।
“ভবের মায়া” শিরোনামের নতুন এই গানটি সুর করেছেন জনপ্রিয় সুরকার অভি আকাশ। মিউজিক করেছেন মহিদুল হাসান মন। গানটি খুব শীঘ্রই রেইন মিউজিক এর ব্যানারে প্রকাশিত হবে।
নতুন এই গানের কথা বলতে গিয়ে সোহেল মাসুদ বললেন, ফজলুর রহমান বাবু ভাইয়ের কণ্ঠে আমার প্রথম গান ছিলো “মিছে মায়া”। যে গান দিয়ে আমার রেইন মিউজিক এর যাত্রা শুরু এবং গানটি কোটির ঘরে অবস্থান করছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই গান ” ভবের মায়া”। বিশ্বাস এই গানটিও অনেকদূর এগিয়ে যাবে। সবার দোয়া চাই।
ইতিমধ্যেই সোহেল মাসুদ এর লেখা গান গেয়েছেন অনেক তারকা শিল্পী। এভাবেই তিনি উপহার দিয়ে যেতে চান অনেক জনপ্রিয় গান। সমৃদ্ধ করতে চান শুদ্ধ বাংলা গানের ভান্ডার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























