এর আগে গত বছর ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল সুমির মৌলিক নতুন দেশের গান ‘আমার চলার পথে মাগো তোমারি আঁচল বিছিয়ে দিয়েছো’। টাইম মিউজিক ডটটিভি ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করেছে। ব্যাপক প্রশংসিত হয়েছে গানটি। এরই ধারাবাহিকতায় এবার আরও নতুন একটি দেশের গান প্রকাশ হতে যাচ্ছে আলোচিত এই শিল্পীর।
১ ফেব্রুয়ারি অর্থাৎ ভাষার মাসে আসছে তরুণ প্রজন্মের মেধাবী কণ্ঠশিল্পী রিদওয়ানা আফরীন সুমির নতুন দেশের গান ‘মাগো মা আর কেঁদো না’। গানের কথা লিখেছেন রেজাউল করিম ও সুর করেছেন বরেণ্য সুরকার লোকমান হাকিম।
সম্প্রতি জিরো পয়েন্ট স্টুডিওতে গানটির অডিও এবং ঢাকার মনোরম লোকেশনে গানটি ভিডিও সম্পন্ন হয়েছে। ১ ফেব্রুয়ারি টাইম মিউজিক ডটটিভি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে জানিয়েছেন শিল্পী নিজেই।
গানটি নিয়ে সুমি বিজনেস বাংলাদেশকে বলেন, এর আগেও আমি দেশের গান প্রকাশ করেছি। দেশের গানের প্রতি আমার মন টানে। দেশের গান গাইতে ভালো লাগে, সেই ভালোলাগা থেকেই ‘মাগো মা আর কেঁদো না’ গাওয়া। দেশকে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে গানটি গাইতে চেষ্টা করেছি। কতটুকু ভালো গাইতে পেরেছি এই বিচার করবে শ্রোতা ও দর্শক।
সুমির জন্ম বরিশাল শহরে। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছোট। পড়াশোনা করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজে, এরপর ঢাকার সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে বি-মিউজ পাস করে আইসিসিআরের বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতীতে অনার্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এম-মিউজ সম্পন্ন করেন।
বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সংগীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























