এবারের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশননির্ভর মৌলিক গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগতা জান্নাতুল ফেরদৌস ঐশী।
জানা গেছে, দেশের আগেই আন্তর্জাতিক বাজারে সিনেমাটির জন্য বুকিং শুরু হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বঙ্গজ ফিল্মসের সঙ্গে ‘মিশন এক্সট্রিম’র প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মতে, বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অঞ্চলে ‘মিশন এক্সট্রিম : প্রথম খণ্ড’ ডিস্ট্রিবিউশন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘মিশন এক্সট্রিম’ কৃর্তপক্ষ। বাংলাদেশের প্রেক্ষাগৃহে এবারের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’র পরিচালক, প্রযোজক ও কাহিনিকার সানী সানোয়ার বলেন, ‘বঙ্গজ ফিল্মস ইতিপূর্বে আমাদের “ঢাকা অ্যাটাক” সিনেমাটি সফলতার সঙ্গে ডিস্ট্রিবিউশন করেছে। তাই নতুন সিনেমাতেও তাদের দায়িত্ব দেয়া হলো। আরো কয়েকটি দেশে ডিস্ট্রিবিউশনের জন্য বেশকিছু বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন তালিকা চূড়ান্ত করতে পারব।’
বঙ্গজ ফিল্মের কর্ণধার তানিম মান্নান বলেন, ‘আমরা খুব আনন্দিত যে প্রতিযোগিতামূলক পরিবেশে প্রবাসীদের মাঝে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’র ডিস্ট্রিবিউশন করার সুযোগ পেয়েছি।’
বঙ্গজের অপর কর্ণধার সাফিন আজম বলেন, ‘আমরা ইতিমধ্যে ২৮টি সিনেমা ডিস্ট্রিবিউশন করেছি তার মধ্যে ১২টি বাংলাদেশি সিনেমা।’
গত ১৯ জানুয়ারি ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে ডাবিং ও সম্পাদনার টেবিলে আছে এটি।
‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’র দুই পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে। কয়েকজন শিল্পীকে শুধু এক পর্বেই দেখা যাবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























