আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন হাবিব ওয়াহিদ। এরইমধ্যে এ গানটির অডিও-ভিডিও নির্মাণ শেষ হয়েছে। নতুন এই গানটির শিরোনাম ‘হারালে কোথায়’। গুঞ্জন রহমানের কথায় এ গানের সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই।
গানের ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে মডেল মাসিয়াত ম্যাশকে। এরইমধ্যে গানটির একটি ফার্স্টলুক প্রকাশ করেছেন হাবিব নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে।
গান নিয়ে হাবিব বলেন, ‘বেশ অন্যরকম কথা-সুরের একটি গান এটি। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন। গানের অডিওর সঙ্গে মিলিয়ে এর ভিডিও করা হয়েছে। সব মিলিয়ে কাজটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে হাবিব বলেন, ‘ফার্স্ট লুক দেখে কী মনে হচ্ছে? এই ভালোবাসার পরিনাম কী হতে পারে?’ আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ই ফেব্রুয়ারি হাবিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ হবে।


























