নতুন বছরের এক মাস পেরিয়ে গেলেও নতুন কোন ছবিতে দেখা যায় নি ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। তবে এরইমধ্যে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই নায়িকা। সিনেমার নাম ‘অফিসার’।
ছবিতে ডি এ তায়েবের বিপরীতে অভিনয় করবেন মাহিয়া মাহি। বিষয়টি বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন ডি এ তায়েব নিজেই। মজার বিষয় হলো, এই ছবিতে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা করছেন ডি এ তায়েব। এটি তার পরিচালিত প্রথম সিনেমা।
ডি এ তায়েব বলেন, ‘এটি আমার পরিচালনায় প্রথম সিনেমা। এই সিনেমায় যুক্ত হয়েছে মাহি। এর আগে আমরা প্রথম লটের শুটিং শেষ করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। আশা করছি দর্শক ভালো সিনেমা পাবেন।’
এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, এই ছবিটি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে। কিন্তু এখনই কিছু বলতে চাচ্ছি না।
প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন দীপা খন্দকার, ডি এ তায়েব ও জয়রাজ। দ্বিতীয় লট থেকে মাহি শুটিংয়ে অংশ নেবেন বলে জানান ডি এ তায়েব। এস জি প্রোডাকশান এর ব্যানারে নির্মিত হচ্ছে ‘অফিসার’ সিনেমাটি। এই ছবিতে আরও অভিনয় করছেন দীপা খন্দকার, জয়রাজ প্রমুখ।
এদিকে মাহিয়া মাহি পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ শিরোনামের একটি সিনেমায় জিয়াউল রোশানের বিপরীতে কাজ করার কথা আছে। চলতি মাসের দিকে অংশ নিবেন স্বপ্নবাজী সিনেমার শুটিংয়ে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























