সম্প্রতি র শুটিং শেষ হল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপর নির্মিত সরকারি অনুদারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জনকের মুখ’ । ছবিটি পরিচালনা করেছেন মান্নান হীরা। ৩৫ মিনিট ব্যাপ্তি এই ছবিটির শুটিং হয়েছে ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জের নন্দী গ্রাম, সোরল, ভাদুন, হারবাইদসহ বেশ কিছু গ্রামে। মূল চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি। শহীদ সোলেমান চরিত্রটি করেছেন স্বাক্ষ্য শহীদ।
কাজের অভিজ্ঞতা বিষয়ে জানতে চাওয়া হলে ফারজানা ছবি বলেন, ‘বেশকিছু দৃশ্যে বঙ্গবন্ধুর সঙ্গে আমার কাল্পনিক কথোপকথন দেখানো হয়েছে। এই চরিত্রের বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং অসীম শক্তির মাঝে আমি ব্যক্তি ছবি কে ভুলে ছিলাম। আমাকে বয়স এবং চিন্তায় অনেকটা সামনে এগোতে হয়েছে। কিন্তু গল্পের সময়টা আবার পেছনের, আমার অদেখা। সেসব অনুভব ধারণ করা আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা, আর অভিনয় জীবনের একটা বড় প্রাপ্তি।’
অন্যদিকে পরিচালক মান্নান হীরা জানিয়েছেন, কাজটি যেমনভাবে করতে চেয়েছিলেন, সেভাবেই হয়েছে। আগামী মার্চে দেশের মানুষ দেখতে পারবে ‘জনকের মুখ’। ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একজন শহীদের মায়ের জীবনের ছবি আঁকা হয়েছে এই চলচ্চিত্রে। সন্তান মারা যাবার পর যার একমাত্র আস্থা, শক্তি আর অবলম্বন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার মাস মার্চে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার কথা ভাবছি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























