ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার। বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত থাকেন তারা। ছোট পর্দায় দেখা যায় না বললেই চলে। কিছুদিন আগে ছোট পর্দায় ফিরেছেন শুভশ্রী গাঙ্গুলি ও শ্রাবন্তী চ্যাটার্জি। এবার তাদের পথে হাঁটছেন প্রিয়াঙ্কা সরকার।
‘সুপার ফ্যামিলি’ নামে একটি রিয়েলিটি শো উপস্থাপনা করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। ভারতীয় একটি বিনোদন চ্যানেলের নন-ফিকশন শো এটি। শো সঞ্চালনার দায়িত্বে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। শোটি পুরোপুরি পারিবারিক হলেও ঘরোয়া লুকে পর্দায় হাজির হবেন না তিনি বরং ওয়েস্টার্ন ড্রেসে দেখা যাবে তাকে। আজ সোমবার থেকে শুরু হবে এই শো।
শুধু উপস্থাপনাই নয়, এই শোয়ের জন্য প্রথমবার গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা। এ অভিনেত্রী বলেন, ‘র্যাপটা বেশ ভালো। এটা মানুষকে অনুষ্ঠানের প্রতি আগ্রহী করবে। গান গাওয়ার প্রস্তাব পাওয়ার পরই আমার উৎসাহ বেড়ে যায়। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। একটা অন্যরকম কিছু করার চেষ্টা করেছি।’
‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এ ছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























