শুটিংয়ের প্রয়োজনে বিরতিহীনভাবে ২৫ দিন লঞ্চে কাটাবেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে এ দু’জনকে। এ ছবির শুটিংয়ের জন্য লঞ্চে থাকতে হবে তাদের।
নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ১৩ মার্চ সদরঘাট থেকে লঞ্চযাত্রার মাধ্যমে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এ যাত্রা শেষ হবে সুন্দরবন গিয়ে। মাঝে টানা ২৫ দিন লঞ্চে বিরতিহীনভাবে ছবির দৃশ্যধারণের কাজ চলবে। থাকা, খাওয়া, ঘুমানো, শুটিং সবই হবে লঞ্চের মধ্যেই।
২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি।
প্রথমে এ সিনেমার নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’ পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন। চিত্রগ্রাহক সুমন সরকার ও শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।
পরিচালক জানান, চলতি মাসের শুরুতে সিয়াম চুক্তিবদ্ধ হয়েছেন। সোমবার বিকাল ৫টায় বিশ্বসাহিত্যকেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা ও কলা-কুশলী পরিচিতি অনুষ্ঠান।
তিনি আরো জানান, ছবিতে পরী ও সিয়াম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার ও আশিষ খন্দকারসহ অনেকে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























