টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এতে প্রসেনজিৎ চ্যাটার্জির মেয়ের চরিত্রে দেখা যায় তাকে।
দীর্ঘ দিন পর প্রসেনজিতের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী। তবে এবার প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন এই নায়িকা। ‘কাবেরী অন্তর্ধান’ নামে সিনেমাটি নির্মাণ করছেন কৌশিক গাঙ্গুলি।
এ সিনেমার গল্পের প্রেক্ষাপট ১৯৭৫ সাল। এ সময়ে বাংলার উত্তাল রাজনৈতিক পরিস্থিতি অর্থাৎ নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হবে এটি। গুঞ্জন উঠেছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এ সিনেমার গল্পে উঠে আসবেন।
তবে পরিচালক কৌশিক গাঙ্গুলি ভিন্ন মত দিয়েছেন। তার ভাষায়, ‘এই সিনেমার সঙ্গে সিদ্ধার্থবাবুর কোনো সম্পর্ক নেই। বরং জরুরি অবস্থার প্রেক্ষাপটে একটা সুন্দর প্রেমের গল্প বলবে এই সিনেমা।’
প্রসেনজিত তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। এটুকু বলতে পারি, এরকম চরিত্রে আগে কখনো অভিনয় করিনি।’
এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন, ইন্দ্রাশিস রায়, অম্বরীশ ভট্টাচার্য, চূর্ণী গাঙ্গুলি প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























