করোনাক্রান্ত পৃথিবীতে ২০ ওভারের ক্রিকেট ফেরালো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সিপিএল। জয় দিয়ে শুরু করেছে সিপিএলে সাকিব আল হাসানের সর্বশেষ দল গতবারের চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)।
মঙ্গলবার ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে বার্বাডোজ ট্রাইডেন্টস ৬ রানে হারিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে টিকেআর।
বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে ১৪৪ রান করেছিল গায়ানা প্রথমে ব্যাট করে। শিমরন হেটমায়ার করেন অপরাজিত ৬৩ রান। কিন্তু দুই বল বাকি থাকতেই টিকেআর লক্ষ্য তাড়া করে ফেলে সুনীল নারাইনের দুর্দান্ত অলরাউন্ড নৈপুন্যে। বল হাতে ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেওয়া নারাইন ২৮ বলে করেছেন পঞ্চাশ রান।
দ্বিতীয় ম্যাচে বার্বাডোজের ৯ উইকেটে করা ১৫৩ রানের জবাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ১৪৭ রান তুলতে পারে ৫ উইকেটে। বার্বাডোজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই বিদেশি স্পিনার মিচেল স্যান্টনার ও রশিদ খান।
সংক্ষিপ্ত স্কোর:
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৪৪/৫ (হেটমায়ার ৬৩*, রস টেলর ৩৩, নারাইন ২/১৯) ও ত্রিনবাগো নাইট রাইডার্স ১৪৭/৬ (নারাইন ৫০, ড্যারেন ব্রাভো ৩০, নাভিন-উল-হক ২-২১)।
বার্বাডোজ ট্রাইডেন্টস: ১৫৩/৯ (জেসন হোল্ডার ৩৮, কাইল মায়ার্স ৩৭, রায়াদ এমরিত ২-১৬) ও সেন্ট কিটস প্যাট্রিয়টস: ১৪৭/৫ (জশুয়া ডা সিলভা ৪১, বেন ডাঙ্ক ৩৪, স্যান্টনার ২-১৮)।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত


























