ট্রান্সজেন্ডার ও হিজড়া নৃত্যশিল্পীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক সাতটি নাচ নিয়ে বুধবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের মূলমিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘রিজয়েস লাইফ’। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)’র সাংস্কৃতিক দল ‘সত্তা’র শিল্পীরা এই নৃত্যগুলোতে অংশ নিয়েছেন। ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে বন্ধু গঠন করেছে সাংস্কৃতিক দল ‘সত্তা’।
‘রিজয়েস লাইফ’র নাচগুলো- নারী এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সহিংসতার প্রতিবাদ, অধিকার সচেতনতা, করোনায় সচেতনতা, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঋতু বৈচিত্র্যতার বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতন।
লিঙ্গভিত্তক সহিংসতার প্রতিবাদে প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন নানা আয়োজনে পালিত হয়। নারী ও কন্যা শিশুর বিরুদ্ধে সহিংতার প্রতিবাদ এই ১৬ দিনের কর্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকলেও ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীকে এর বাইরে রাখা যায় না। কেননা বাংলাদেশে লিঙ্গভিত্তক সহিংসতার সবচেয়ে বেশি ভুক্তভোগি তারাই।
লিঙ্গিভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই)’র সহায়তায় এই বিষয়ভিত্তিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বন্ধু)। তারা দুই দশকেরও বেশি সময় ধরে ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।
‘রিজয়েস লাইফ’ নৃত্যানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম, আইআরআই’র আবাসিক প্রকল্প পরিচালক জিওফারি ম্যাকডোনাল্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























