১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রকাশ হতে যাচ্ছে সময়ের মেধাবী কণ্ঠশিল্পী রিদওয়ানা আফরীন সুমির দেশের গান “আমি কি আসবো ফিরে এই বাংলায় আবার ঘুরে”। সুমির নিজস্ব ফেসবুক পেইজ থেকে ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে জানিয়েছেন শিল্পী নিজেই।
নতুন এই গান নিয়ে সুমি বলেন, গানটি মুক্তিযোদ্ধা এবং অসংখ্য গানের লেখক শাহ্ শামসুল ইসলাম লিখেছেন। গানটির কথায় আমার দেশের রূপের প্রকাশ ছিল যা আমার ভালোলেগেছিলো। নুরুল হক ভাই সুর করলেন তখন গেয়ে ফেললাম নতুন একটি দেশের গান। আমার অর্জনের ঝুলিতে আরেকটি পছন্দের মৌলিক গান স্থান পেল। আর দেশের গানের প্রতি আমার গভীর একটা দুর্বলতা সেই ছোটবেলা থেকে।

সুমি বলেন, এর আগে “আমার চলার পথে মা গো তোমার আঁচল বিছিয়ে দিয়েছো” ” মাগো মা আর কেঁদোনা” গতবছর এই দুটো দেশের গান ২০১৯ এ প্রকাশিত হয়েছিল। ‘ আজকের বিজনেস বাংলাদেশ’ আমাকে তখনও অভিনন্দন জানিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যাতে আমি দেশের জন্য আরো কিছু ভালো গান রেখে যেতে পারি। আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বিজনেস বাংলাদেশকে। খুব ইচ্ছা ছিল নিজের গ্রামের বাড়িতে কিছু গান শুটিং করব কখনও সুযোগ হলে। খুবই অল্প সময়ের মধ্যে, অল্প আয়োজনে –মমতাজ, জামান আবীর ভাই, দেবদাস দাদা, রাজু এদের সহযোগিতায় কিছু গান শুটিং করে ফেললাম। আর তখনই মনে মনে ভেবেছিলাম ‘আমি কি আসবো ফিরে ‘ এই গানটি বিজয় দিবসের জন্য তোলা থাক।

সুমি বলেন, পিরোজপুর মঠবাড়ীয়া আমার গ্রামের বাড়ি। ওখানে সেই ছোট্টবেলায় ‘উদীচী শিল্পীগোষ্ঠী’ তে প্রথম নিজেকে যুক্ত করা একটি সাংস্কৃতিক সংগঠনের সাথে। তারপর থেকে যে কোন বিশেষ দিনকে গানে গানে উদযাপন করা, উপজেলায়, জেলায়, বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আর এলাকার মানুষের প্রশংসা আর ভালোবাসা পাওয়া – ঠিক আমার মা আমার কোন সাফল্যে যেমন আনন্দ অনুভব করেন, অন্তর থেকে দোয়া করেন তেমনি আমার এলাকার আপন মানুষগুলোও আনন্দিত হন, দোয়া করেন, শুভেচ্ছা পাঠান যা আমাকে উচ্ছসিত করে, গর্ববোধ হয় আমি তাদের লোক এটা ভেবে। তাই সবসময় ইচ্ছে ছিল আমার কিছু সৃষ্টির মধ্যে এই পবিত্র মঠবাড়ীয়ার স্পর্শ স্মৃতি হয়ে থেকে যাক। সেই চাওয়া কিছুটা হলেও পূরণ হল এই বিজয়ের দিনে তার প্রকাশ ঘটাতে পেরে। সবাইকে আমার অন্তরের বিজয় অভিনন্দন।

রিদওয়ানা আফরীন সুমি ঢাকা সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় থেকে ব্যাচেলর অফ মিউজিক শেষ করে আইসিসিআর এর বৃত্তি নিয়ে কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে অনার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নিয়মিত তালিকাভুক্ত শিল্পী। বর্তমানে তিনি মিডিয়ালিংক্স লিঃ (টাইম মিউজিক) এবং জিরো পয়েন্ট মাল্টিমিডিয়া লিঃ এই দুটো মিডিয়া প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























