কনকনে শীতে শহর কলকাতাবাসী যখন গরম কাপড়ের নিচে। ঠিক তখন টানা ছয়দিন ভেজা কাপড়ে টলিউড অভিনেত্রী স্বস্তিকা। ঠান্ডার মধ্যেও ভেজা কাপড়ে থাকতে হয়েছে তাকে। এমনটাই জানা গেছে অভিনেত্রীর করা এক টুইট থেকে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) নিজের টুইটারে একটা পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে লিখেছেন, ‘আজকে প্রচন্ড বাতাস এবং ঠান্ডা। এবং আমি টানা ছয়দিন ভেজা কাপড়ে শুটিং করছি। একজন অভিনেত্রীর জীবন।’ শেষে কান্নার তিনটি ইমোজি ব্যবহার করেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, কমলেশ্বর মুখার্জির ‘মোহমায়া’ সিরিজে অভিনয় করছেন স্বস্তিকা। এ সিরিজের জন্যই আরাম ছাড়তে হয়েছে তাকে। চিত্রনাট্যের প্রয়োজনে ভেজা কাপড়ে শুটিং করছেন তিনি। ‘মোহমায়া’ সিরিজে ঘরোয়া বাঙালি রমনীর চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে।
এতে তার সঙ্গে অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘মিসিং স্ক্রিউ’ এর ব্যানারে নির্মিত হচ্ছে সিরিজটি।
স্বস্তিকা এর আগে এক টুইটে জানিয়েছিলেন, তার আরও একটি স্বপ্ন পূরণ করেছে ‘মোহমায়া’। কমলেশ্বর মুখার্জির সঙ্গে কাজের জন্য অপেক্ষায় ছিলেন টলিপাড়ার সাহসী এ অভিনেত্রী।

























