অভিনয়ের আঙ্গিনায় প্রিয়মুখ আফসানা মিমি। মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও পরিচালক হিসেবে তিনি সবার কাছে জনপ্রিয়।
মিষ্টি হাসির এই অভিনেত্রীর আজ জন্মদিন। এবারে ৫২ বছরে পা রাখলেন মিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত শোভাকাঙ্খিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তাকে।
জন্মদিনের প্রথম প্রহরটা কেমন কেটেছে এ প্রসঙ্গে আফসানা মিমির মিষ্টি হেসে জবাব, ‘ঘুমিয়েছি। এক ঘুমে রাত পার। তবে সকালে উঠে মনটা আনন্দে ভরে গেল। দেখলাম অসংখ্য ম্যাসেজ এসেছে জন্মদিনের শুভেচ্ছায়। দিনভর চেষ্টা করবো তাদের উত্তর দিতে।
সেইসঙ্গে সকালে প্রথম কল পেয়েছি কানাডা থেকে। প্রিয় বেলি আপা (অভিনেত্রী আফরোজা বানু) ও মহসিন রেজা ভাই। এই দম্পতি কল দিয়ে শুভেচ্ছা দিয়েছেন, দোয়া করে দিলেন। দেখুন এই মানুষগুলোই আমার প্রিয়জন। এই শোবিজে কাজ করতে করতে অনেক কাছের মানুষ পেয়েছি যাদের স্নেহ-ভালোবাসা গর্বিত করেছে আমাকে। তাদের মধ্যে সুবর্ণা আপা (সুবর্ণা মুস্তাফা), আসাদুজ্জামান নূর ভাই আছেন। তারা ফোন দিয়ে শুভেচ্ছা দিলেন।’
জন্মদিনে বিশেষ কোনা পরিকল্পনা নেই জানিয়ে মিমি বলেন, ‘আর দশটা দিনের মতো কেটে যায় জন্মদিন। কাজ থাকলে কাজ করি। নইলে বাসাতেই। যা কিছু পরিকল্পনা হয় তা একান্তই ব্যক্তিগত কিছু আয়োজন। যেমন বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো।
তবে এবারের জন্মদিনজুড়ে বেদনা লেগে আছে। করোনার জন্য এবার অনেক প্রিয়জনকে হারিয়েছি আমি। আমার খুব প্রিয় একজন মানুষ আমার খালু মারা গেছেন। কিছুদিন আগে শ্রদ্ধেয় আলী যাকের মারা গেলেন। আমার অতি প্রিয়দের একজন। আমার গুরু। গেল কয়েকদিন ধরে আব্দুল কাদের ভাই হাসপাতালে মৃত্যুশয্যায়। এত শোক-বেদনা নিয়ে মনে জন্মদিনের আনন্দ আসে না।
তবু জীবন গতিশীল বলে একটা কথা আছে না, সেজন্যই হয়তো শুভেচ্ছা পাচ্ছি। কাছের মানুষরা শুভেচ্ছা জানাচ্ছেন। মুরুব্বীরা ফোন করে দোয়া দিচ্ছেন। এটুকুই জন্মদিন এখন।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























