কক্সবাজার জেলা প্রশাসন অফিসের নাম দিয়ে এক বাটপার প্রতারণার মাধ্যমে প্রায় ১৩ কেজি ইলিশ ও কালা চান্দা মাছ নিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন অফিসের দুই তলায় এক মাছ বিক্রেতার কাছ থেকে মাছবোঝাই দুটি থলি নিয়ে এই বাটপারের বীরদর্পে হেঁটে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
অপরদিকে বাটপারের কবলে পড়ে মাছ বিক্রির আট হাজার ৯০০ টাকা হারিয়ে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আবদুর রহিম এখন মাথায় হাত দিয়ে বসেছেন। হতভাগা মাছ বিক্রেতা আবদুর রহিম বাহারছড়া মাছ বাজারে বসে ব্যবসা করেন। তিনি গত রাতে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি তাকে (আবদুর রহিম) ০১৬১৪৯৭৪২৪৬ নম্বর থেকে মোবাইল করে বড় সাইজের ছয় পিস ইলিশ ও ছয় পিস কালা চান্দা মাছ জেলা প্রশাসন অফিস ভবনে নিয়ে যেতে বলেন।
ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আবদুর রহিমের কাছে এসব মাছ তখন ছিল না। তবুও তিনি মোবাইলে এ রকম অর্ডারটি পেয়ে তারই সতীর্থ বাবুল নামের আরেক ব্যবসায়ীকে মাছ সরবরাহের জন্য বলেন। বাবুল যথারীতি ছয় কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ ও ছয় কেজি ওজনের কালা চান্দা মাছ নিয়ে জেলা প্রশাসন ভবনের দোতলায় যান।
বাবুল সেখানে পৌঁছেই ওই মোবাইলে রিং দিয়ে মাছ নিয়ে উপস্থিত হওয়ার কথা জানালে তাকে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর কালো মতো এক লোক গায়ে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাছের জন্য বাবুলের কাছে হাজির হয়ে মাছবোঝাই থলি দুটি হাতে নেয়। এরপর ওই লোক ‘সাহেবের’ কাছ থেকে টাকা এনে দেওয়ার কথা বলে বাবুলকে সেখানে বসতে বলে দোতলার দক্ষিণ বারান্দা দিয়ে অফিস ভবনের পূর্ব-দক্ষিণের সিঁড়ি দিয়ে পালিয়ে যায়।
মাছ ব্যবসায়ী আবদুর রহিম জানান, বৃহস্পতিবার রাত ৮টা কি ৯টার দিকে ওই মোবাইল নম্বরে রিং দিয়ে মোবাইলটি সচল পান। কিন্তু মোবাইল ধরেননি ওই বাটপার।
জেলা প্রশাসনের একজন কর্মচারী জানিয়েছেন, মাস দুয়েক আগেও একই রকমের বাটপারি করে একজন ক্ষুদ্র ব্যাপারীর কাছ থেকে চারটি দেশি মুরগি নিয়ে গেছিল।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















