গাজীপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান নানা আয়োজনে বিভিন্ন কর্মসূচীর পালন করেছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বুধবার (১৭মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সকালে ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাস্থ্যবিধিমেনে নিরাপদ দূরত্বে অবস্থান করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু’র শততম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে বুধবার সকালে প্রশাসন চত্বর থেকে মাননীয় উপাচার্যের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া তাঁর বক্তব্যে বলেন, যারা বঙ্গবন্ধু’র আদর্শ লালন ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিজেদের মেধা ও শ্রমকে আত্মনিয়োগ করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক ও বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত অনুসারী।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। বুধবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দেয়ালে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক তাৎপর্য অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধুকে জানার জন্য ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের উদ্ধৃতি দিয়ে বেশি বেশি বই পড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনে দীক্ষিত হতে সবাইকে উদ্বুদ্ধ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়
দেশব্যাপী মোমবাতি প্রজ্জ্বলন এবং আলোকসজ্জা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করেছে জাতীয় বিশ্ববদ্যালয়। মঙ্গলবার (১৬ মার্চ ২০২১) দিবাগত রাত ১২.০১ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটি ভবনের সামনে ১০০ মোমবাতি জ্বালিয়ে উৎসবমুখর পরিবেশে জাতির জনকের জন্মদিন উদযাপন করা হয়।
এদিকে বুধবার (১৭ মার্চ) সকালে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-তে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে।
বুধবার সূর্যোদয়ের সাথে সাথে বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম অন্যান্য পরিচালকবৃন্দকে সাথে নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা করেন। এরপর মহাপরিচালক প্রধান কার্যালয়ের সামনে ১০০ পাউন্ডের কেক কেটে বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে বারি’র মহাপরিচালকের নেতৃত্বে ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দকে সাথে নিয়ে একটি আনন্দ র্যালী বের করা হয়। আনন্দ র্যালীটি বারি’র প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















