নেত্রকোণা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান ও তার সহধর্মিণী কাজি সুমান্না আক্তার করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (২১ মার্চ) দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের শরীরে করোনার লক্ষ্মণ দেখা দিলে নমুনা পরীক্ষার পর শনিবার (২০ মার্চ) তাদের রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নেত্রকোনায় মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের উদ্যোগে শহরের পৌরসভার সামনের সড়কে এই মাস্ক বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল ও সদর সার্কেল মোর্শেদা খানম।
এ পর্যন্ত নেত্রকোণা জেলায় মোট ৮৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৪ জন এবং জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















