আগামী বছরই মুক্তি পেতে চলেছে তাঁর শাহরুখ খানের ছবি ‘পাঠান’ ও দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবি। ইতিমধ্যেই মুম্বাইয়ে সম্পন্ন হয়েছে পাঠানের প্রথম পর্বের শুটিং। আগামী ১০ অক্টোবর থেকে স্পেনে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় পর্বের শুটিং। কিন্তু আপাতত সেই শুটিং স্থগিত করল এই ছবির প্রযোজনা সংস্থা যশরাজ।
শাহরুখ খানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার ছবিতে তাঁদের পর্দার রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। আবারও সেই ম্যাজিক ফিরে আসছে পাঠান ছবিতে। দীপিকার পাশাপাশি এই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম।
ছবির খুবই গুরুত্বপূর্ণ কিছু অংশ শুট হওয়ার কথা স্পেনে। নানা সিকোয়েন্স ফ্রেমবন্দি করা হবে স্পেনের অলিগলিতে। এর পাশাপাশি ছবির একটি গান শুট করা হবে ওই দেশের কিছু অচেনা-অজানা জায়গায়। যেখানে এর আগে কোনো হিন্দি ছবির শুটিং হয়নি। আগেও তাঁর ছবির মধ্য দিয়ে নানা অচেনা-অজানা জায়গা তুলে ধরেছেন প্রযোজক আদিত্য চোপড়া।
এবারও সে রকমই কিছু জায়গা উঠে আসবে পাঠান ছবিতে। ১০ অক্টোবরই স্পেনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল পাঠানের গোটা টিমের। স্পেন সরকারের কাছ থেকে সেসব জায়গায় শুটিংয়ের পারমিশনও নিয়ে রেখেছিলেন পরিচালক সিদ্ধান্ত আনন্দ ও তাঁর টিম।


























