ভারি বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পানির কারণে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে পানি বাড়ছে। ফলে এর প্রভাব পড়েছে ডাকাতিয়া নদীর ওপরও। নদীর পাড় ভেঙে কোথাও কোথাও প্লাবিত হওয়ার উপক্রমও রয়েছে।
নদীর পানি বৃদ্ধির কারণে উপজেলার চারটি ইউপির কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আবাদি ফসল। পানি প্রবেশ করছে জনবসতিতে। এর সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে নদীর পাড় ভাঙনও। মেঘনার পানি বৃদ্ধি ও স্রোতের কারণে উপজেলার উত্তর চরবংশি, দক্ষিণ চরবংশি, উত্তর চরআবাবিল, দক্ষিণ চরআবাবিল ইউপির কয়েকটি স্থানে নদীটির পাড় ভাঙতে শুরু করেছে। গত ৫০ বছর ধরে নদীর দুই পাড় ভাঙছে বলে জানিয়েছেন নদী পাড়ের মানুষেরা। নদীর পানি বাড়ায় দুর্ভোগ বেড়েছে নৌকা পারাপারেও। পানিবন্দি হয়ে পড়েছে নদীর পাড়ের ২শ পরিবার। ভাঙন ঠেকাতে এই মুহূর্তে পানি উন্নয়ন কর্তৃপক্ষের খুব বেশি সক্ষমতা নেই বলেও জানান কর্মকর্তারা।
মেঘনাবেষ্টিত-উত্তর চরআবাবিল ইউনিয়নের সাজু মোল্লার ঘাটের মাঝি আবুল খান বলেন, ড্রেজারে নদীর পাড় বিলীন হয় খরায়, আর বর্ষায় রাস্তাঘাট, ভিটেমাটি বিলীন হয়। স্বাধীনতার এত বছর পরেও নিজেদের সহায় সম্বল হারাচ্ছি প্রতিনিয়ত।
উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, রামগতি উপজেলা থেকে মতিরহাট পর্যন্ত মেঘনা নদীর ভাঙন রোধে তীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হলেও রায়পুর উপজেলা থেকে চাঁদপুরের হাইমচর উপজেলার সীমানা পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে প্রতি বছর নদী ভাঙনে বিলীন হচ্ছে শত শত একর জমি ও জনপথ। মানুষের নিরাপত্তা ও নদী ভাঙন রোধে সরকারি প্রকল্প গ্রহণ করার জন্য উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য। গত ১ ফেব্রুয়ারি বিকালে স্প্রিডবোর্টে করে ভাঙনকবলিত নদীর তীর পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুখ আহমেদ জানান, মেঘনা নদীর কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ নজর রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেখানেই সমস্যা সৃষ্টি হবে, গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বরাদ্দ খুবই অল্প; যা বাজেট আসে তা দিয়ে ভাঙন অস্থায়ীভাবে ঠেকানোর চেষ্টা করা হয়।
লক্ষ্মীপুর-২ (রায়পুর) এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন যুগান্তরকে বলেন, রায়পুরের হাজিমারা থেকে চাঁদপুরের হাইমচর সীমানা পর্যন্ত তীর সংরক্ষণ করার জন্য ভাঙন এলাকাটি পরিদর্শন করি। ভাঙন রোধে স্থানীয়দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আশ্বাস দেওয়া হয়। প্রকল্প গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্থায়ী বাঁধ চেয়ে ডিও লেটারও দেওয়া হয়েছে।
























