ভোজ্যতেলের সঙ্কট নিরসনে সয়াবিনের বিকল্প হিসেবে তিল চাষে আগ্রহ ঝুঁকছে কৃষক। কুমিল্লার দেবীদ্বারের কিছু সংখ্যক কৃষক স্বল্প পরিসরে তিল চাষকে ভাগ্য পরিবর্তনের লক্ষ্য হিসেবে নিয়েছেন। তাদের আবাদি সবুজ মাঠগুলোতে সাদা তিলের ফুল ফুটে আছে, যা পথিকেরও মন কাড়ছে। কম শ্রম ও কম খরচে সব ধরনের মাটিতে উৎপাদন হওয়ায় তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে তিল চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন আবাদের পর ক্ষেত যখন খালি থাকে তখন তিল চাষ করা যায়। এতে ধানের কোনো ক্ষতি হয় না। তিল চাষে সার ও কীটনাশক লাগে না বললেই চলে। গরু ছাগলে তিল খায় না খুব একটা। তাই রক্ষণাবেক্ষণে কোনো খরচ হয় না। শীত-বর্ষাসহ সকল ঋতুতেই তিল চাষ করা যায়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জাসান জানান, ভোজ্যতেল সয়াবিনের বিকল্প হিসেবে তিল চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে আমরা কৃষকদের মধ্যে প্রণোদনাসহ উৎসাহ বাড়াচ্ছি। চলতি মৌসুমে ১০ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা নিয়েছি। এর মধ্যে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের আসানপুরের কৃষক সফিকুল ইসলাম ও জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ চরবাকর গ্রামের কৃষক মোসলেম উদ্দিনের মাধ্যমে এক একর করে দুটি ‘কৃষি প্রদর্শনী’ করা হয়। কৃষিবিভাগ থেকে প্রতি একর তিল চাষের জন্য বারি ৩-৪ জাতের তিন কেজি বীজ, ৮০ কেজি ইউরিয়া, ৭৪ টিএসপি, ৪৫ কেজি এমওডি ৯ কেজি জিংক, ৬৪ কেজি জিপসাম সার, কীটনাশক, অটোষ্টিন, ডাসবান ও একটি প্রদর্শনী খামারের সাইনবোর্ড দেয়া হয়েছে। জমি, শ্রম ও ফসলের মালিক ওই দুই কৃষকই হবেন।
খরচ কম আর আর্থিকভাবে লাভবান হতে তিল চাষ বৃদ্ধি পাচ্ছে। মাটির জৈব ঘাটতি পূরণেও লাভজনক হওয়ায় এর চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাজার ব্যবস্থাপনা সুবিধা পেলে কৃষিতে নতুন সম্ভাবনা হতে পারে তিল। মাঝে এ শস্য চাষ অনেকটা হারিয়ে গিয়েছিল। গত কয়েক বছর ধরে ফের বাড়ছে।
দেবীদ্বার উপজেলার আশানপুর গ্রামের তিল চাষি সফিকুল ইসলাম সরকার জানান, তিন বছর ধরে তিল চাষ করছেন তিনি। তার দেখাদেখি ওই গ্রামের অনেকে তা চাষ করছেন। এটি চাষে জমির উর্বরশক্তি বাড়ে। রাসায়নিক সার ও জমি নিড়ানির দরকার হয় না। সামান্য শ্রম ও অল্প খরচে প্রতি বিঘায় পাঁচ থেকে ছয় মণ ফলন মেলে।
তিনি বলেন, আলুর জমিতে তেমন চাষের প্রয়োজন হয় না। জমি সমান করে তিলের বীজ ছিটালেই চলে। প্রতি বিঘায় প্রয়োজন ২/৩ কেজি বীজ। সেচ, সার, নিড়ানি ছাড়াই তিন মাসের মধ্যে তিল ওঠে। এর কোনো রোগবালাই না হওয়ায় কীটনাশকের দরকার হয় না। তিল চাষ বৃদ্ধি পেলে দেশের ভোজ্য তেলের চাহিদা মেটানো সম্ভব হবে।
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, তিলের তেল দিয়ে সব ধরনের তরকারি রান্না করা যায়। এটি ত্বকের জন্যও উপকারী। হজমে সাহায্য করে তিলের তেল। উপকারিতার জন্য চীনের মতো প্রাচীন ভারতেও তিলের তেলের কদর ছিল। এ তেল নিয়মিত ব্যবহার করলে মাথা ঠাণ্ডা থাকে। তিল থেকে পাওয়া খৈল জমির উর্বরশক্তি বৃদ্ধি করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রৌফ বলেন, ভোজ্যতেল সোয়াবিনের ঘাটতি পূরণে বিকল্প হিসেবে তিল, সরিষা এবং সূর্যমুখী চাষে আমরা গুরুত্ব দিয়েছি বেশি। সোয়াবিনের চেয়ে তিল, সরিষা ও সূর্যমুখী তৈলের পুষ্টিগুণও বেশি। এনব আবাদে কৃষক তার নিজ চাহিদা পূরণের পরও বাজারজাত করতে পারেন। এজন্য কৃষি প্রদর্শনী, উদ্বুদ্ধকরণ সভায় কৃষকদের সচেতন ও আগ্রহ বাড়াতে কাজ করে যাচ্ছে কৃষি অধিদপ্তর।
























