প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘শিক্ষাই আমাদের একমাত্র অবলম্বন। শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়। আর এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবার উপরে। মায়েরাই সন্তানদের প্রথম শিক্ষক।’
নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার দুপুরে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক দরকার। তাই আমরা এ বছর ৩৭ হাজার মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছি। পেশা হিসেবে নয়, শিক্ষকতাকে নেশা হিসেবে নিতে হবে। শিক্ষকতা নেশা হিসেবে নিলেই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে।’
প্রতিমন্ত্রী আরো বলেন,‘ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মিডডে মিল চালু করব। প্রথমে যে সমব এলাকায় গরিব শিক্ষার্থী বেশি রয়েছে ওই সব এলাকার স্কুলে। এরপর পর্যায়ক্রমে দেশের সকল স্কুলে (প্রাথমিক) মিডডে মিল চালু হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাাল আহমেদ, প্রাথমিক শিক্ষা দপ্তরের রংপুর বিভাগের উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দীন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী প্রমুখ।




















