দুদক ১ম অভিযান পটুয়াখালী মেডিকেল কলেজে ও হাসপাতালে স্বাস্থ্য সরঞ্জাম সহ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক,সজেকা, পটুয়াখালী থেকে ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টীম কর্তৃক পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের নিকট থেকে অভিযোগ সংশ্লিষ্ট টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রকল্প পরিচালকের বক্তব্য গ্রহণ করা হয়।
প্রাপ্ত রেকর্ডপত্র ও বক্তব্য বিশ্লেষণ দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট প্রকল্পের টেন্ডার ডকুমেন্ট দাখিলের সময়সীমা আগামী ৩০/১১/২০২৫ খ্রি. পর্যন্ত। অর্থাৎ প্রকল্পটির টেন্ডার কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এনফোর্সমেন্ট টিম কর্তৃক প্রকল্পটির টেন্ডার সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনান্তে একটি পূর্নাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।
দুদকের ২য় অভিযান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট ঘুষ দাবিসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে অদ্য ১৯-১১-২০২৫ খ্রি তারিখে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণসহ অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘুষ লেনদেনের ভিডিও পর্যবেক্ষণ করা হয় ।
ভিডিওতে একজনকে টাকা লেনদেন করতে দেখা যায়, বিষয়টিতে ঘুষের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত ভিডিও এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক শীঘ্রই কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক তৃতীয় অভিযান টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও অগ্রিম বিল উত্তোলন করে নেয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল হতে অপর একটি অভিযান পরিচালিত হয়।
টিম অভিযানকালে সরেজমিনে নিরপেক্ষ প্রকৌশলীসহ পিইডিপি-৪ প্রকল্পের আওতায় চলমান কাজগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে টিম কর্তৃক প্রকল্পের অগ্রিম বিল প্রদানসহ কিছু অনিয়ম ও অসঙ্গতির সত্যতা পাওয়া যায়। সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক টিম পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবেন।
ডিএস./


























