রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত এপ্রিল মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে মিরপুর বিভাগ। একইসঙ্গে প্রথমবারের মতো ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বিপ্লব।
ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বিপ্লবের হাতে পুরস্কার তুলে দেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, এপ্রিল-২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের মূল্যায়ন করা হয়। এর মধ্যে অপরাধ বিভাগ হিসেবে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ এবং থানার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে উত্তরা পশ্চিম থানা।
সংশ্লিষ্টরা জানান, পেশাদারিত্ব, সততা, কর্মদক্ষতা ও মানবিক আচরণের কারণে সাধারণ মানুষের কাছে প্রশংসিত ওসি খালিদ মুনসুর বিপ্লব। থানাভিত্তিক সেবার মানোন্নয়ন এবং নাগরিকদের দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে উত্তরা পশ্চিম থানায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও জানান তারা।
অনুভূতি প্রকাশ করে ওসি খালিদ মুনসুর বিপ্লব বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা সব সময়ই থাকে। উত্তরা পশ্চিম থানা প্রথম হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল। দেশের মানুষ ও দেশের জন্য যেন আরও ভালোভাবে কাজ করে যেতে পারি, সেজন্য সবার দোয়া চাই।
ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ায় সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে বনানী থানা থেকে খালিদ মুনসুর বিপ্লবকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ডিএমপির শাহবাগ থানায় দায়িত্ব পালন করেন। সবশেষ গুলশান বিভাগের বনানী থানা থেকে বদলি হয়ে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ডিএস./


























