ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চিফ অফ স্টাফের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।সূত্র: তাস।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন নাকদি। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্রের ব্যবহার তাদের (যুক্তরাষ্ট্র) জন্য একটি ভুল হিসেবে প্রমাণিত হতে পারে। তারা বোমা ব্যবহার করার পরের দিন সকালেই বিশ্বজুড়ে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি দখল করে নেয়া হবে।’
বর্তমান পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভিন্ন বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিশ্বের মানুষ জেগে উঠেছে। কেউই এমন অপরাধ সংঘটিত হতে দেবে না, কারণ পরেরবার এর শিকার তারা নিজেরাই হতে পারে।’ অবশ্য ইরানের সামরিক বাহিনী নিজেরাই মার্কিন ঘাঁটিগুলো দখল করবে, নাকি অন্য কোনো শক্তির সহায়তায় করবে, সে বিষয়টি স্পষ্ট করেননি ইরানি এই জেনারেল।
সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে নাকদি বলেন, ‘আমাদের আসল পারমাণবিক বোমা হলো, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়, যা আমরা জুলুমের বিরুদ্ধে লড়াই করে জয় করেছি। তাই আমাদের পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই।’
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও আঞ্চলিক উপস্থিতি নিয়ে এর আগেও তিনি কঠোর মন্তব্য করেছেন। মোহাম্মদ রেজা নাকদি আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি এর আগে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত তিনি।ৎ
ডিএস./






















