গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, শুধু ওই মুহূর্তে হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের লক্ষ্য করেই হামলা সীমাবদ্ধ রাখা উচিত নয়।
রোববার (১৬ আগস্ট) প্রকাশ্যে আসা একটি পডকাস্টে বেন-গভির এসব মন্তব্য করেন। পডকাস্টে তার সঙ্গে কথা বলেন ইসরায়েলি নাগরিক রম ব্রাসলাভস্কি। তিনি গাজায় জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া একজন ইসরায়েলি বন্দি।
বেন-গভির বলেন, গাজায় এমন মানুষ রয়েছে, যারা বেঁচে থাকার যোগ্য নয়। তাদের বেঁচে থাকাই উচিত নয়। তারা মানুষও নয়।
বেন-গভির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। ইসরায়েলি পুলিশ ও কারা বিভাগের ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে।
তবে দেশটির সামরিক বাহিনীকে সরাসরি হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা তার নেই।
বেন গভির ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্য। এই মন্ত্রিসভা যুদ্ধ ও নিরাপত্তা নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখে।
পডকাস্টে বেন-গভির বলেন, গাজায় সামরিক হামলা কমানোর বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন। তার মতে, গাজায় আবারও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানো উচিত।
পডকাস্টে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়েও কথা বলেন বেন-গভির।
ইসরায়েলে সামরিক আদালতে ইসরায়েলিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন সম্প্রতি কার্যকর হয়েছে।
ব্রাসলাভস্কি বেন-গভিরকে বলেন, তাকে যেন এসব মৃত্যুদণ্ড কার্যকরের কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তিনি বলেন, ফাঁসির দড়ি নয়, নিজ হাতে গুলি করে এসব ফিলিস্তিনিকে হত্যা করতে চান।
জবাবে বেন-গভির বলেন, এটি সম্ভব করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
আলোচনায় গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে চলে যাওয়ার বিষয়েও কথা বলেন বেন-গভির। তিনি গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান জানান।
বেন-গভির বলেন, তিনি পুরো গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখেন।
এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের বক্তব্য দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনিদের ব্যাপকভাবে, জোর করে বা পরিকল্পিতভাবে গাজা ছাড়তে বাধ্য করার উদ্যোগ জাতিগত নিধনের পর্যায়ে পড়তে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
ডিএস/.




















