গরীব এবং দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য উদ্বোধন করা হয়েছে জয়যাত্রা চিকিৎসা কেন্দ্র। শনিবার সকালে রাজধানীর ভাটারার ফাঁসেরটেকে এ কেন্দ্রের উদ্বোধন করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর।
জয়যাত্রা চিকিৎসা কেন্দ্রের অধীনে ভাটারায় অবস্থিত ভাই ভাই মেডিকেল হলে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গরীব ও দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। ডাক্তার মোঃ সাইফুল ইসলাম প্রতি সপ্তাহে এ চিকিৎসা সেবা দেবেন। এছাড়া প্রতি মাসে একবার করে চিকিৎসা সেবা দেবেন কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ ইলিয়াস বিন আকবর। জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রকল্প চালু হল।

অনুষ্ঠানে জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর বলেন, যারা মানবতাকে ভালবাসে তারাই প্রকৃত মানুষ। সমাজের দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নিয়েছি। গরীবদের জন্য এ মেডিকেল সেবা, যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। অনুষ্ঠানে আগদতদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কাজ যেন ভবিষ্যতে আরও করতে পারি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। এসময় জয়যাত্রা ফাউন্ডেশনের পরিধি আরও বাড়ার জন্য সবার দোয়া চান তিনি।
অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শাহ আলম সিদ্দিকী বলেন, সরকারি কার্যক্রমের অনেক পরিধি থাকে কিন্তু বেসরকারি কার্যক্রমের কোনো পরিধি থাকে না। এই উদ্যোগে আমি অত্যান্ত আনন্দিত। এটা একটি মহান উদ্যোগ। এ উদ্যোগের মাধ্যমে সমাজের জন্য কিছু করার ব্যাপারে অনেকের মধ্যে দায়বদ্ধতা আসবে।
জয়যাত্রা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান কর্ণেল মীর মোতাহার হোসেন বলেন, এ উদ্যোগের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে যেতে চাই। এসময় স্থানীয় সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
সঙ্গীত শিল্পী শুভ্র দেব বলেন, এ উদ্যোগ প্রশংসার দাবিদার। যারা এ উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে ভাটারা ইউনিয়ন পরিষদের সদস্য অহিদুজ্জমান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্ভোধনী অনুষ্ঠান শেষে গরীব ও দুঃস্থদের চিকিৎসা সেবা দেয়া হয়।























